পাহাড়ি ঢলে সড়ক তলিয়ে বন্ধ যান চলাচল, দুর্ভোগে রাঙামাটির জনপদ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

রাঙ্গামাটি  প্রতিনিধি :

টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির মাইনী নদীর পানি বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় রাঙামাটির বাঘাইছড়ি ও লংগদু উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়ক তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে দূরপাল্লার যান চলাচল। একই সঙ্গে সাজেকগামী সড়ক ডুবে যাওয়ায় পর্যটনকেন্দ্র সাজেকে প্রায় ৪০০ পর্যটক আটকা পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়ি ঢলের পানিতে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের বিভিন্ন অংশ তলিয়ে গেছে। কয়েকটি স্থানে পাহাড়ধসের ঘটনাও ঘটেছে। এছাড়া সড়কের বিভিন্ন অংশে মাটি সরে যাওয়ায় নতুন করে ধসের আশঙ্কা দেখা দিয়েছে।

পরিস্থিতির অবনতির কারণে রাঙামাটি জেলা প্রশাসন মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে। তবে এ সিদ্ধান্ত কার্যকরের আগেই সেখানে অবস্থান করা প্রায় ৪০০ পর্যটক সড়ক ডুবে যাওয়ায় আটকা পড়েন।

অন্যদিকে, মাইনী নদীর পানি বৃদ্ধির কারণে লংগদু-দীঘিনালা সড়কের মেরুং এলাকাও প্লাবিত হয়েছে। ফলে লংগদুর সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে এবং দূরপাল্লার যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

এদিকে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের নানিয়ারচরের কেঙ্গেলছড়ি এলাকায়ও সড়কের ওপর পানি উঠে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। হাঁটুপানি পেরিয়ে জরুরি কাজে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

স্থানীয়দের আশঙ্কা, বৃষ্টিপাত অব্যাহত থাকলে পাহাড়ধস ও জলাবদ্ধতা আরও বাড়বে এবং পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ