মৌলভীবাজারে মজুতদারদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, নিত্যপণ্যের অবৈধ মজুত উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আলী মোহাম্মদ, স্টাফ রিপোর্টার :
রমজান মাসকে সামনে রেখে মৌলভীবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি ও মূল্যবৃদ্ধির অপচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। রোববার (২ মার্চ) রাত ১১টার দিকে শহরের পশ্চিমবাজার এলাকার কুদরত উল্লাহ সড়কে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন মেজর মেহেদী হাসান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ তাজ উদ্দিন। অভিযানে দুটি প্রতিষ্ঠানে ব্যাপক পরিমাণে অবৈধভাবে মজুত করা নিত্যপ্রয়োজনীয় পণ্য জব্দ করা হয় এবং জরিমানা করা হয়।
১. সয়াবিন তেল: ১,৭৩১ লিটার
২. চিনি: ৪,৭৫০ কেজি
৩. ছোলা: ২,৮৫০ কেজি
৪. মেয়াদোত্তীর্ণ মরিচের গুঁড়ো: ৩ কেজি
৫. মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় (১ লিটার বোতল): ৬ কেস
অভিযানে ইমরান এন্ড ব্রাদার্স প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা এবং সোহেল ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছিল, যা সরাসরি ভোক্তাদের উপর চাপ সৃষ্টি করছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, “প্রতিবছর রমজান এলে কিছু অসাধু ব্যবসায়ী মুনাফার লোভে সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়ে তোলে। তারা প্রয়োজনীয় পণ্য মজুত রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর চেষ্টা করে। কিন্তু প্রশাসন এ ধরনের অপচেষ্টা রুখতে কঠোর অবস্থানে রয়েছে। বাজার ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”
প্রশাসন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, নিত্যপণ্যের বাজারে কৃত্রিম সংকট তৈরি করে মুনাফা লুটতে দেওয়া হবে না। এ ধরনের অসাধু কার্যকলাপের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে যাওয়া হবে এবং প্রমাণ মিললেই কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। অনেকেই জানিয়েছেন, প্রতিবছর রমজানের আগে বাজারে নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকে, যা সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলে। তারা মনে করছেন, প্রশাসনের এই কঠোর মনোভাব বজায় থাকলে বাজার পরিস্থিতি স্থিতিশীল থাকবে এবং ভোক্তারা ন্যায্য মূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন।
এ ধরনের অভিযানের ফলে ব্যবসায়ীদের মধ্যে ইতিমধ্যেই আতঙ্ক দেখা দিয়েছে। সাধারণ মানুষও আশা করছেন, প্রশাসনের নজরদারি বাড়লে রমজানের সময় অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকানো সম্ভব হবে।
আপনার মতামত লিখুন :