বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের জ্বালানি সহযোগিতা আরও সম্প্রসারণে আলোচনা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
বাংলাদেশের জ্বালানি খাতে সহযোগিতা আরও সম্প্রসারণ এবং পারস্পরিক অংশীদারিত্ব জোরদারের লক্ষ্যে বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর এরিক জিলান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে মার্কিন দূতাবাসের ইকোনমিক অফিসার জোসেফ বোস্কিও-ও উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি খাতে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ, বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও এলপিজি খাতে অংশীদারিত্ব বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সম্ভাব্য বিভিন্ন ক্ষেত্রে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়েও মতবিনিময় করেন উভয় পক্ষ।
আলোচনায় প্রধানমন্ত্রীর আসন্ন যুক্তরাষ্ট্র সফরকে সামনে রেখে দুই দেশের মধ্যে জ্বালানি খাতে সহযোগিতা আরও শক্তিশালী করা এবং বাংলাদেশের জ্বালানি খাতে মার্কিন ব্যবসা ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এ সময় জ্বালানি খাতের বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ এবং সেগুলোর বাস্তবসম্মত সমাধান নিয়েও খোলামেলা আলোচনা হয়। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে দ্রুত পরবর্তী বৈঠক আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
অন্যদিকে, মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়ন ও আধুনিকায়নে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে। বৈঠকে উভয় পক্ষই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সহযোগিতা আরও গভীর করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :