সিলেটে শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থে জবাবদিহি নিশ্চিত করতে নতুন কমিটি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সিলেট সংবাদদাতা :

সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ১২ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে মাজারের আর্থিক ব্যবস্থাপনার জন্য যুগোপযোগী ও বাস্তবসম্মত একটি কাঠামো প্রণয়ন করবে এই কমিটি।

শুক্রবার (২৬ জুন) সকালে সিলেট সার্কিট হাউসে মাজারের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।

সম্প্রতি শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে তালা দেওয়াকে কেন্দ্র করে জনমনে যে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়, তার প্রেক্ষাপটেই এই বৈঠকের আয়োজন করা হয়। দীর্ঘ আলোচনা শেষে দরগাহর সার্বিক উন্নয়ন এবং দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে একটি সমন্বিত উদ্যোগ নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট সবাই একমত হন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দরগাহর উন্নয়ন ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দানের অর্থ কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে সবাই ঐকমত্যে পৌঁছেছেন। সেই লক্ষ্যেই ১২ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও জানান, নতুন কাঠামো চূড়ান্ত না হওয়া পর্যন্ত বিদ্যমান কমিটিই প্রচলিত নিয়ম অনুযায়ী দানবাক্সের অর্থ গণনা করবে এবং তা মাজারের চলমান ব্যাংক হিসাবে জমা রাখা হবে। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য।

মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে প্রধান করে গঠিত কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, বিভাগীয় কমিশনার, মহানগর পুলিশের কমিশনার, জেলা পরিষদের প্রশাসক, মাজারের মোতোয়াল্লি পরিবারের দুই সদস্য এবং মাজারের মাদ্রাসা ও মসজিদের দুই প্রতিনিধি। কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সিলেটের জেলা প্রশাসক।

এর আগে সকালে সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত এক রুদ্ধদ্বার বৈঠকে দরগাহর ঐতিহ্য সংরক্ষণ, বিদ্যমান ব্যবস্থাপনা পদ্ধতি এবং উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর ও গ্রহণযোগ্য করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ এবং বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, সিলেট মহানগর শাখার দ্বিবার্ষিক সম্মেলন-২০২৬ এ প্রধান অতিথি হিসেবে অংশ নেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ