সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠাবে না ইরান, কোনো আপস নয় : তেহরান
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের কাছে হস্তান্তর করা হবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ বিষয়ে কঠোর অবস্থান তুলে ধরে জানান, ইরানের পারমাণবিক অর্জন দেশের ভেতরেই সংরক্ষিত থাকবে।
ইসমাইল বাঘাই বলেন, বর্তমান কিংবা অতীতের কোনো আলোচনাতেই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশে পাঠানোর বিষয়টি কখনোই আলোচিত হয়নি। এ ধরনের প্রস্তাবের প্রশ্নই ওঠে না।
তিনি জোর দিয়ে বলেন, ইরানের মাটি যেমন পবিত্র, তেমনি ইউরেনিয়ামও পবিত্র ও গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। ইউরেনিয়াম কার্যক্রম বন্ধের যেকোনো প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি বলেন, জাতীয় সম্পদের গুরুত্ব নাগরিকদের জীবনের সমান। এটি কোনো আলোচনাযোগ্য বিষয় নয়।
ইসমাইল বাঘাই আরও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি বহু বছরের দেশীয় বিজ্ঞানীদের পরিশ্রম ও ত্যাগের ফল। এই জ্ঞান ও সক্ষমতা ইরানিদের নিজস্ব অর্জন। যদি এই সক্ষমতা তুচ্ছ হতো, তাহলে প্রতিপক্ষরা চাপ, নিষেধাজ্ঞা ও সংঘাতের মাধ্যমে একে সীমাবদ্ধ করার চেষ্টা করত না।
ভবিষ্যতেও ইরান তাদের পারমাণবিক সক্ষমতা অটুট রাখবে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে কোনো ধরনের আপসের সুযোগ নেই। ইরান তার জাতীয় মর্যাদা ও কৌশলগত সম্পদ রক্ষায় দৃঢ় অবস্থানে থাকবে।
আপনার মতামত লিখুন :