সেনাপ্রধানের উদ্বোধনে চালু হলো আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই সঙ্গে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে প্রতিষ্ঠিতব্য প্রতিষ্ঠানটির আরও সাতটি শাখার ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন তিনি।
সোমবার (৩ আগস্ট) সকালে রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আয়োজিত এক অনুষ্ঠানে এ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, বর্তমান সময়ের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যেই আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে।
তিনি বলেন, প্রতিষ্ঠানটিতে কেমব্রিজ কারিকুলামভিত্তিক ইংরেজি মাধ্যমের আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষা সমন্বিতভাবে পরিচালিত হবে। এর মাধ্যমে জ্ঞান, নেতৃত্বগুণ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ আদর্শ নাগরিক তৈরি করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সেনাসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
নতুন এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক মানের শিক্ষা এবং নৈতিক মূল্যবোধের সমন্বয়ে ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার একটি নতুন অধ্যায়ের সূচনা হলো বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
আপনার মতামত লিখুন :