বিশ্বকাপে হলুদ কার্ডের শঙ্কায় ১৮ তারকা, সবচেয়ে বেশি চাপে ইংল্যান্ড ও মরক্কো
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
খেলাধুলা ডেস্ক :
২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে উত্তেজনা তুঙ্গে। তবে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে জয়-পরাজয়ের পাশাপাশি আরও একটি বিষয় ভাবিয়ে তুলেছে দলগুলোকে- হলুদ কার্ডের শঙ্কা। শেষ আটের ম্যাচে আর একটি হলুদ কার্ড দেখলেই সেমিফাইনালে খেলতে পারবেন না আট দলের অন্তত ১৮ জন ফুটবলার।
সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও আফ্রিকান শক্তি মরক্কো। দুই দলেরই চারজন করে খেলোয়াড় ইতোমধ্যে একটি করে হলুদ কার্ড দেখেছেন। ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম, মার্ক গেয়ি ও নিকো ও'রাইলিসহ গুরুত্বপূর্ণ কয়েকজন ফুটবলারকে তাই কোয়ার্টার ফাইনালে বাড়তি সতর্ক থাকতে হবে। একই পরিস্থিতিতে রয়েছে মরক্কোর চার তারকাও।
ঝুঁকির তালিকায় এরপরই রয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। দলটির মানু কোনে, মাইকেল ওলিসে ও ব্র্যাডলি বারকোলাসহ তিনজন খেলোয়াড় একটি করে হলুদ কার্ড বহন করছেন। ফলে সেমিফাইনালে তাদের উপস্থিতি অনেকটাই নির্ভর করবে কোয়ার্টার ফাইনালে শৃঙ্খলাপূর্ণ পারফরম্যান্সের ওপর।
এ ছাড়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, স্পেন, নরওয়ে ও বেলজিয়ামের একজন করে ফুটবলারও নিষেধাজ্ঞার ঝুঁকিতে রয়েছেন। আর্জেন্টিনার গঞ্জালো মন্টিয়েলসহ এসব খেলোয়াড়কে শেষ আটের ম্যাচে অতিরিক্ত সতর্ক থাকতে হবে।
তবে দলগুলোর জন্য স্বস্তির খবরও দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নতুন নিয়ম অনুযায়ী, কোয়ার্টার ফাইনাল শেষে পূর্বের হলুদ কার্ডের হিসাব মুছে যাবে। অর্থাৎ, শেষ আটের ম্যাচে নতুন করে হলুদ কার্ড না দেখলে সেমিফাইনাল ও সম্ভাব্য ফাইনালে কার্ডজনিত নিষেধাজ্ঞার আশঙ্কা থাকবে না।
তবে কোয়ার্টার ফাইনালে কোনো খেলোয়াড় সরাসরি লাল কার্ড দেখলে বা দুটি হলুদ কার্ডের মাধ্যমে লাল কার্ড পেলে নিয়ম অনুযায়ী অন্তত এক ম্যাচের জন্য নিষিদ্ধ থাকবেন। ফলে সেমিফাইনালে দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের উপস্থিতি নিশ্চিত করতে কোয়ার্টার ফাইনালে সংযত ও নিয়ন্ত্রিত খেলাই হবে কোচদের অন্যতম বড় চ্যালেঞ্জ।
আপনার মতামত লিখুন :