নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় ৩০ জুন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-এর সম্ভাব্য নাশকতা ও সহিংসতা ঠেকাতে ঢাকাসহ ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই মোতায়েন চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকার বাইরে যেসব জেলায় সেনা মোতায়েন থাকবে সেগুলো হলো নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর ও চট্টগ্রাম।

এতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে- এমন আশঙ্কা রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জননিরাপত্তা নিশ্চিত করতে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত মাঠে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদার করবে।

এর আগে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দলটির নেতাকর্মীরা গোপনে ছোট ছোট মিছিল বা নাশকতা সৃষ্টির চেষ্টা করতে পারে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সদর দপ্তর দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করে।

সংশ্লিষ্টদের মতে, এই সাময়িক সেনা মোতায়েনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সম্ভাব্য সহিংসতা প্রতিরোধ করা সম্ভব হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ