লক্ষ্মীপুরের হাজিরহাট বাজারে ইজারা চাপে কষ্টে দুই মুচি ভাই, খাজনা মওকুফের আকুতি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
মো: হাসান হাওলাদার, কমলনগর প্রতিনিধি :
লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার প্রাণকেন্দ্র হাজিরহাট বাজারে এক কোণে বসে জীবিকা নির্বাহ করেন দুই ভাই গোপাল ও নেপাল। পেশায় তারা মুচি। জুতা সেলাই, তালি দেওয়া এবং পুরনো জুতায় নতুন প্রাণ দেওয়াই তাদের প্রতিদিনের কাজ।
দুই ভাই জানান, তাদের এ পেশা পারিবারিক ধারাবাহিকতা থেকেই এসেছে। তারা বলেন, “আমাদের দাদা এই কাজ করতেন, তারপর বাবা করেছেন। বাবার মৃত্যুর পর এখন আমরা করছি। এটাই আমাদের বাপ-দাদার পেশা।
সারাদিন রোদ-বৃষ্টি উপেক্ষা করে কাজ করেও তাদের আয় খুবই সীমিত। তাদের ভাষায়, দৈনিক আয় দাঁড়ায় ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যে। কিন্তু এর মধ্যেও বাজার ইজারার নামে প্রতিদিন ১০০ টাকা দিতে হয়।
তারা বলেন, ৫০০ টাকা আয় করলে তার মধ্যে ১০০ টাকা দিতে হয়। অনেক সময় আয় আরও কম হলে সেই চাপ আরও বেশি অনুভূত হয়।
আয়ের বড় একটি অংশ ইজারার খরচে চলে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান তারা। এই অবস্থায় তারা স্থানীয় জনপ্রতিনিধির দৃষ্টি আকর্ষণ করেছেন।
তারা লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান-এর কাছে খাজনা মওকুফের আকুতি জানিয়েছেন। তাদের আবেদন, মানবিক বিবেচনায় এই ইজারা বা খাজনা থেকে তাদের মুক্তি দেওয়া হোক।
স্থানীয়রা বলছেন, হাজিরহাট বাজারসহ গ্রামীণ বাজারগুলোতে এমন অনেক ক্ষুদ্র কারিগর আছেন, যারা অল্প আয়ে জীবিকা নির্বাহ করেন। তাদের ওপর ইজারা চাপ কমানো গেলে জীবনযাত্রায় কিছুটা স্বস্তি ফিরতে পারে।
আপনার মতামত লিখুন :