মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, যুবসমাজ রক্ষায় সামাজিক আন্দোলনের আহ্বান প্রতিমন্ত্রীর


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সাইয়্যেদ মুহাম্মদ শান্ত, পঞ্চগড় জেলা প্রতিনিধি :

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। তবে শুধু গ্রেপ্তার বা আইনশৃঙ্খলা অভিযান দিয়ে যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করা সম্ভব নয়। এ জন্য সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে এবং প্রশাসন ও সরকারকে সহযোগিতা করতে হবে।

শুক্রবার (২৬ জুন) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বেলুন উড়িয়ে ও বর্ণাঢ্য র‍্যালি শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকার আরও কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে সংসদে চূড়ান্ত আইন প্রণয়নের প্রক্রিয়া চলমান। মাদকমুক্ত সমাজ গড়তে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ধারাবাহিক সামাজিক কর্মসূচি পরিচালনা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড়ের সহকারী পরিচালক রাহুল সেন মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে তা নির্মূলে সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে মাদকের অপব্যবহার নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মোসা.. শুকরিয়া পারভীন-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা আনসার ও ভিডিপির কমান্ডেন্ট ফরিদ রহমান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড়ের সহকারী পরিচালক রাহুল সেন।

বক্তারা বলেন, আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সমন্বিত উদ্যোগ ছাড়া মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব নয়। এজন্য দীর্ঘমেয়াদি ও ধারাবাহিক সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তারা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ