রিয়াদ বিমানবন্দরে হুথিদের জোড়া ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩, বাতিল ৩৩০ ফ্লাইট


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে জোড়া ক্ষেপণাস্ত্র হামলায় এক পাইলটসহ তিন সৌদি নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবারের (৮ অক্টোবর) এসব হামলায় বিভিন্ন দেশের আরও কয়েকজন নাগরিক আহত হয়েছেন। হামলার পর বিমানবন্দরে সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়ার একটি উড়োজাহাজে আগুন ধরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিরাপত্তার স্বার্থে ৩৩০টিরও বেশি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রথম ক্ষেপণাস্ত্র হামলাটি বিমানবন্দরের বিভিন্ন স্থাপনায় আঘাত হানে। দ্বিতীয় হামলার লক্ষ্য ছিল সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়ার একটি উড়োজাহাজ। এতে বিমানবন্দরের কয়েকটি স্থাপনা ও সম্পদেরও ক্ষয়ক্ষতি হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম হামলাটি বিমানবন্দর প্রাঙ্গণে আঘাত হানে। দ্বিতীয়টি রানওয়ে ও টার্মিনালে থাকা সৌদিয়া এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক উড়োজাহাজে আঘাত করে।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) এবং সৌদিয়া এয়ারলাইন্স জানিয়েছে, নিহতদের মধ্যে ওই উড়োজাহাজের একজন পাইলট রয়েছেন। হামলার সময় বিমানটিতে কোনো যাত্রী ছিলেন না।

এদিকে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, রিয়াদ বিমানবন্দর ছাড়াও ইয়েমেন সীমান্তবর্তী নাজরান শহরের একটি বিমানবন্দর এবং খামিস মুশাইত বিমানঘাঁটি তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল।

হামলার পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বিমানবন্দরের কার্যক্রমে বিঘ্ন ঘটে। ফলে তিন শতাধিক আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ