দেশের পাঁচ জেলায় তাপপ্রবাহ, গরম আরও বাড়ার শঙ্কা, কোথাও কোথাও বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
দেশের পাঁচ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি আরও বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে গরমের দাপট আরও বাড়তে পারে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী, পাবনা, নীলফামারী, চুয়াডাঙ্গা ও খুলনা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি ধীরে ধীরে আরও এলাকা পর্যন্ত বিস্তৃত হতে পারে। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে; রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
সিনপটিক পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। এটি আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে আরও বিস্তার লাভ করে পুরো দেশে ছড়িয়ে পড়তে পারে।
এদিকে গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেটে, ৫৪ মিলিমিটার।
আপনার মতামত লিখুন :