টানা পাঁচ দিন ঝড়বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস, দুই বিভাগে সতর্কতা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৩০ মে) সন্ধ্যায় প্রকাশিত পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আগামী পাঁচ দিনের মধ্যে টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রোববার থেকে বুধবার পর্যন্ত আবহাওয়ার চিত্র প্রায় একই রকম থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এই সময়ে দেশের বিভিন্ন বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। কিছু দিনে দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অগ্রগতির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও জোরালো হতে পারে।

এদিকে শনিবার সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৩ শতাংশ। রোববার রাজধানীতে সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ