ইসির নতুন নির্বাচনী প্রতীকের তালিকায় ‘না’, স্থগিত থাকছে ‘নৌকা’
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রতীক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত তালিকায় আগের ১১৯টি প্রতীকের সঙ্গে নতুন করে ‘না’ প্রতীক যুক্ত হওয়ায় মোট ১২০টি প্রতীক সংরক্ষিত রাখা হয়েছে। একই সঙ্গে ‘নৌকা’ প্রতীককে স্থগিত প্রতীক হিসেবে তালিকায় রাখা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। প্রজ্ঞাপনে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের স্বাক্ষর রয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে স্থগিত প্রতীক বাদ দিয়ে নির্ধারিত তালিকা থেকে প্রাপ্যতা সাপেক্ষে যেকোনো একটি প্রতীক বরাদ্দ করা যাবে।
সংশোধিত বিধিমালায় কোনো নির্বাচনী আসনে একক প্রার্থী থাকলে ভোটারদের জন্য ‘না’ প্রতীক রাখার বিধান যুক্ত করা হয়েছে। অর্থাৎ, বৈধভাবে মনোনীত বা প্রার্থিতা প্রত্যাহারের পর কোনো আসনে একজন মাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকলেও ভোটাররা ওই প্রার্থীকে সমর্থন না করার মত প্রকাশের সুযোগ পাবেন।
এর আগে গত বছরের ২৫ অক্টোবর ১১৯টি প্রতীক নিয়ে প্রতীক তালিকার গেজেট প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। এবার সেই তালিকায় ‘না’ প্রতীক যুক্ত করে মোট সংখ্যা ১২০ করা হলো।
যে প্রতীকগুলো থাকছে
নতুন তালিকায় আনারস, আপেল, আম, আলমিরা, ঈগল, উট, গরুর গাড়ি, গাভি, গামছা, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ট্রাক, ট্রাক্টর, ডাব, ঢেঁকি, বই, বক, বটগাছ, বাইসাইকেল, বাঘ, রকেট, রিকশা, রেল ইঞ্জিন, লাঙল, লিচু, শাপলা কলি, উদীয়মান সূর্য, একতারা, কবুতর, কম্পিউটার, কলম, কলস, কলার ছড়ি, কাঁচি, কাঁঠাল, কাপ-পিরিচ, কাস্তে, কুঁড়ে ঘর, কুড়াল, কুমির, কুলা, কেটলি, কোদাল, খেজুর গাছ, ঘোড়া, চশমা, চাকা, চাবি, চিংড়ি, চিরুনি, চেয়ার, ছড়ি, ছাতা ও জগসহ বিভিন্ন প্রতীক রয়েছে।
এ ছাড়া জাহাজ, টর্চ লাইট, টিউবওয়েল, টেবিল, টেবিল ঘড়ি, টেবিল ল্যাম্প, টেলিফোন, টেলিভিশন, তালা, থালা, দাঁড়িপাল্লা, দালান, দেওয়াল ঘড়ি, দোতলা বাস, দোয়াত কলম, দোলনা, ধানের শীষ, নোঙর, পাগড়ি, পানির ট্যাপ, পালকি, প্রজাপতি, ফুটবল, ফুলকপি, বালতি, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব, মই, মগ, ময়ূর, মশাল, মাইক, মাছ, মিনার, মোটরগাড়ি, মোটরসাইকেল, মোবাইল ফোন, মোরগ, সিংহ, সিঁড়ি, সূর্যমুখী ফুল, সেলাই মেশিন, সোনালি আঁশ, সোফা, হরিণ, হাঁস, হাতঘড়ি, হাতপাখা, হাতি, হাতুড়ি, হারিকেন, হেলিকপ্টার, হ্যান্ডশেক এবং ‘না’ প্রতীক রাখা হয়েছে।
এ ছাড়া সংশোধিত প্রজ্ঞাপনে মনোনয়নপত্র, নির্বাচনী ব্যয়ের ব্যাংক হিসাব এবং প্রার্থীর হলফনামা-সংক্রান্ত কিছু বিধানেও পরিবর্তন আনা হয়েছে।
আপনার মতামত লিখুন :