পাবনায় শ্রদ্ধা-ভালোবাসায় পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
মো: শাখাওয়াত হোসেন, পাবনা জেলা প্রতিনিধি :
যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পাবনায় পালিত হয়েছে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে জেলার জুলাই আন্দোলনের শহীদ ও আহত বীর যোদ্ধাদের স্মরণে আয়োজন করা হয় বিভিন্ন কর্মসূচি।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে পাবনা জেলা পরিষদ চত্বরে স্থাপিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়। এ সময় স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর পাবনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত বীর যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। তাদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক। এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৩ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফসহ জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, ত্যাগ ও গণতান্ত্রিক চেতনা নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা প্রয়োজন। শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে উল্লেখ করে তারা বলেন, তাদের স্মৃতি সংরক্ষণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষা ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :