পঞ্চগড়ে বসতবাড়ির সীমানা বিরোধে হামলা, নারীসহ পাঁচজন গুরুতর আহত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সাইয়্যেদ মুহাম্মদ শান্ত, পঞ্চগড় জেলা প্রতিনিধি :

পঞ্চগড়ে বসতবাড়ির সীমানা বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে নারীসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে পঞ্চগড় পৌরসভার রাজনগড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার পর বুধবার (১০ জুন) বিকেলে রেহেনা আক্তার নামের এক গৃহিণী নয়জনকে আসামি করে পঞ্চগড় সদর থানায় একটি এজাহার দায়ের করেন।

মামলার এজাহার ও বাদীপক্ষের বক্তব্য অনুযায়ী, রাজনগড় এলাকার রেহেনা আক্তারের পরিবারের সঙ্গে আজিজার রহমান জুয়েল পক্ষের দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, ঘটনার রাতে আজিজার রহমান জুয়েল ও তার সহযোগীরা প্রায় ২০ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রেহেনা আক্তার ও তার পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় রেহেনা আক্তার, আব্দুল কুদ্দুস, তানজিনা, সুবর্ণা আক্তার ও রোকেয়া বেগম গুরুতর আহত হন। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বুধবার বিকেলে রেহেনা আক্তার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, অভিযোগটি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ