ব্যালন ডি’অর জয়ের অন্যতম দাবিদার নিজেকে মনে করেন এমবাপ্পে


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

খেলাধুলা ডেস্ক :

ক্লাব ও জাতীয় দলের হয়ে শিরোপাহীন মৌসুম কাটালেও এবারের ব্যালন ডি’অর জয়ের যোগ্যতা নিজের রয়েছে বলে মনে করেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের এই ফরাসি ফরোয়ার্ডের দাবি, বিশ্বের সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ের অন্যতম দাবিদার তিনি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ফ্রান্স ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ব্যালন ডি’অর সম্ভাবনা নিয়ে কথা বলেন ২৭ বছর বয়সী এই তারকা। তিনি বলেন, ব্যালন ডি’অর মূলত ব্যক্তিগত অর্জনের স্বীকৃতি। তাই দলগত কোনো শিরোপা না জিতলেও এই পুরস্কার জয়ের সুযোগ রয়েছে।

এমবাপ্পে বলেন, ‘আমি বিশ্বাস করি, এ বছর আমি এটি জিততে পারি। এটি আমার অন্যতম লক্ষ্য এবং স্বল্পমেয়াদি লক্ষ্যও। অনেকে বলছেন, আমি কোনো ট্রফি জিতিনি। কিন্তু এটি তো ব্যক্তিগত পুরস্কার। আমি কখনো দেখিনি কোনো ব্যালন ডি’অর বিজয়ী সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন।’

গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন এমবাপ্পে। চ্যাম্পিয়নস লিগে ১৫ গোলের পাশাপাশি লা লিগায় করেন ২৫ গোল। এরপর বিশ্বকাপেও নিজের গোলসংখ্যা ২২-এ নিয়ে যান তিনি। এর মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নেন ফরাসি এই তারকা। যদিও সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে ফ্রান্সের বিশ্বকাপ অভিযান শেষ হয়।

ব্যালন ডি’অর নিয়ে নিজের ধারণার কথা বলতে গিয়ে এমবাপ্পে জানান, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর যুগ থেকেই এই পুরস্কার সম্পর্কে তার ধারণা তৈরি হয়েছে। তার মতে, ব্যালন ডি’অর সাধারণ মানের খেলোয়াড়দের জন্য নয়; যারা নিজেদের অন্যদের চেয়ে আলাদা করে প্রমাণ করতে পারেন, তারাই এই পুরস্কারের যোগ্য।

এমবাপ্পে বলেন, ‘আমি মনে করি, এ বছর আমি এমন কিছু করেছি, যা আমাকে আলাদা করেছে। তাই আমি বিশ্বাস করি, আমি এটি জিততে পারি।’

নিজেকে এবারের পুরস্কারের যোগ্য দাবিদার মনে করেন কি না—এমন প্রশ্নের জবাবে আরও আত্মবিশ্বাসী এমবাপ্পে বলেন, ‘আমার চেয়ে ভালো কোনো খেলোয়াড় ছিল না।’

বিশ্বকাপের মতো বড় মঞ্চে বিশ্বের সেরা খেলোয়াড়দের বিপক্ষে এত গোল করা এবং টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হওয়ার বিষয়টিকে নিজের বড় অর্জন হিসেবে দেখছেন তিনি। এমবাপ্পের ভাষায়, ‘বড় প্রতিযোগিতায়, যেখানে বিশ্বের সেরা খেলোয়াড়রা অংশ নেয়, সেখানে এত গোল করা এবং বিশ্বকাপের মতো আসরে সর্বোচ্চ গোলদাতা হওয়া বিশেষ কিছু।’

বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নেওয়ার বিষয়টিও বিশেষভাবে উল্লেখ করেন এমবাপ্পে। লিওনেল মেসির মতো কিংবদন্তির কাছ থেকে এই রেকর্ড নেওয়াকে আরও বড় অর্জন বলে মনে করেন তিনি।

এদিকে ফ্রান্স জাতীয় দলের নতুন কোচ জিনেদিন জিদানেরও প্রশংসা করেছেন এমবাপ্পে। দিদিয়ের দেশমের স্থলাভিষিক্ত হওয়া ১৯৯৮ বিশ্বকাপজয়ী এই কিংবদন্তিকে ফরাসি ফুটবলের অন্যতম প্রতীক হিসেবে উল্লেখ করেন তিনি।

জিদান সম্পর্কে এমবাপ্পে বলেন, ‘ফরাসিদের কাছে তিনি অনেক কিছু। তিনি একজন কিংবদন্তি, দেশের জিজু। তিনি আভিজাত্য ও মহত্ত্বের প্রতীক। খেলোয়াড় হিসেবে তিনি ফ্রান্সের ইতিহাসে অমর হয়ে আছেন।’

তিনি আরও বলেন, ফ্রান্সের প্রতিনিধিত্ব করা খেলোয়াড়দের মধ্যে জিদান অন্যতম। প্রজন্মের পর প্রজন্মকে ছাড়িয়ে তিনি ফরাসি ফুটবলের ইতিহাসে অমোচনীয় ছাপ রেখে গেছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ