জাপানে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’, ১৬ লাখ মানুষকে সরানোর নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’। এর প্রভাবে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের আশঙ্কায় দেশটির বিভিন্ন এলাকায় ১৬ লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জাপানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইবারাকি, চিবা, টোকিও, কানাগাওয়া ও শিযুওকা অঞ্চলের ৬ লাখেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় স্থানীয় প্রশাসন আরও বড় পরিসরে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
টোকিও থেকে প্রায় ৩৯ কিলোমিটার পূর্বে অবস্থিত চিবা প্রিফেকচারের সোদেগাউরা শহরে প্রায় ৪০ হাজার বাসিন্দার জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ বাসিন্দাদের জীবন রক্ষায় দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার পাশাপাশি ঢালু এলাকা থেকে দূরে এবং সম্ভব হলে ভবনের দ্বিতীয় তলার ওপরে অবস্থান করার আহ্বান জানিয়েছে।
টাইফুন দুজুয়ানের প্রভাবে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ। পরিস্থিতির কারণে জাপানের বিভিন্ন রুটে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে দেশটির অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায়ও বড় ধরনের প্রভাব পড়েছে।
চিবা প্রিফেকচারের সোদেগাউরা শহরের ফায়ার সার্ভিস জানিয়েছে, ভূমিধসের একটি এলাকায় আটকা পড়া পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। ভারী বৃষ্টি ও ভূমিধসের কারণে আরও কোথাও মানুষ আটকা পড়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে টোকিওর বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান টেপকো পাওয়ার গ্রিড জানিয়েছে, টাইফুনের প্রভাবে জাপানে ৫০ হাজার ৮৯০টি পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।
টোকিওর দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাসিন্দাদের বেসমেন্টে অবস্থান না করার জন্য সতর্ক করেছে। ভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন এলাকায় তিন নম্বর সতর্কতা জারি থাকায় আকস্মিক বন্যা, ভূমিধস ও অন্যান্য ঝুঁকি এড়াতে বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :