রাঙ্গামাটিতে মাতৃ ও শিশুস্বাস্থ্য বিষয়ে সেনাবাহিনীর প্রশিক্ষণ সম্পন্ন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: সুমন খান, রাঙ্গামাটি প্রতিনিধি :

পার্বত্যাঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি।

তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসাসেবা, বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, প্রয়োজনীয় ওষুধ বিতরণ, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা, জরুরি চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সেনাবাহিনী স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে দক্ষ স্বাস্থ্যকর্মী তৈরি করে মাতৃ ও শিশুমৃত্যুর হার কমানো এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার পরিধি সম্প্রসারণেও কার্যকর অবদান রাখছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাঙ্গামাটি রিজিয়নের প্রান্তিক হলরুমে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসাসেবা বিষয়ক ১০ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নিজ নিজ এলাকায় গর্ভবতী নারী, নবজাতক ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

রাঙ্গামাটি রিজিয়নের ব্যবস্থাপনায় এবং রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, দুর্গম যোগাযোগ ব্যবস্থা ও পর্যাপ্ত চিকিৎসকের অভাবে পার্বত্য অঞ্চলের অনেক গর্ভবতী নারী ও নবজাতক সময়মতো প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। এ বাস্তবতা বিবেচনায় স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা জোরদার করতে রাঙ্গামাটির ১০টি উপজেলা থেকে ১৫ জন স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণে নিরাপদ মাতৃত্ব, নবজাতকের পরিচর্যা, প্রাথমিক চিকিৎসা এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত ছিল।

ক্যাপ্টেন মোহছেনা নাজবীন শিপার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা। এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর সেনা জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল একরামুল রাহাত এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক সোহাগ ময় চাকমা।

অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী স্বাস্থ্যকর্মীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ