পঞ্চগড়ে নারীসহ মসজিদের খতিব আটক, অভিযোগ তদন্ত করছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
সাইয়্যেদ মুহাম্মদ শান্ত, পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড় জেলা শহরের সুগার মিলের একটি কোয়ার্টার থেকে এক নারীসহ শহিদুল ইসলাম নামে এক মসজিদের খতিবকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে সুগার মিলের কোয়ার্টারে এ ঘটনা ঘটে।
আটক শহিদুল ইসলাম পঞ্চগড় সুগার মিল জামে মসজিদের খতিব হিসেবে কর্মরত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তার স্ত্রী ও সন্তান ঠাকুরগাঁওয়ে বসবাস করেন।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে শাহিনুর আক্তার নামে এক নারী ঢাকা থেকে এসে শহিদুল ইসলামের সুগার মিলের কোয়ার্টারে ওঠেন। রাতে তিনি খাবার কেনার জন্য সুগার মিল বাজারে গেলে স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। পরে শহিদুল ইসলামের সঙ্গে ওই নারীর অনৈতিক সম্পর্ক রয়েছে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে কয়েকজন স্থানীয় যুবক ওই কোয়ার্টারে প্রবেশ করলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শহিদুল ইসলাম ও শাহিনুর আক্তারকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তবে শাহিনুর আক্তারের বোন ইসমতারা দাবি করেন, শাহিনুর প্রায় এক বছর আগে এক হিন্দু যুবককে বিয়ে করার পর পরিবারের সঙ্গে তার যোগাযোগ নেই। তিনি জানান, শাহিনুর ঢাকা থেকে পঞ্চগড়ে ড. আবেদা হাফিজ কলেজের কাগজপত্র সংগ্রহ করতে এসেছিলেন। কলেজ বন্ধ থাকায় পরিচিত নানা শহিদুল ইসলামের কোয়ার্টারে আশ্রয় নিয়েছিলেন।
এদিকে, সংশ্লিষ্ট দলীয় নথিপত্রে শহিদুল ইসলামের নাম ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের’ পঞ্চগড় কমিটির ৬৬ নম্বর তালিকায় সদস্য হিসেবে রয়েছে বলে জানা গেছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান বলেন, উত্তেজিত জনতার হাত থেকে নারীসহ শহিদুল ইসলামকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্তসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের তদন্ত ও লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার প্রকৃত কারণ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না, তা পরবর্তী প্রক্রিয়ায় নির্ধারিত হবে।
আপনার মতামত লিখুন :