প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিসা এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন। সাক্ষাতে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি, নিরাপদ পেমেন্ট ব্যবস্থা এবং ই-কমার্স খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ডিজিটাল কমার্সের গতি বৃদ্ধি, নিরাপদ ডিজিটাল লেনদেন নিশ্চিত করা এবং ভবিষ্যৎ পেমেন্ট প্রযুক্তির উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন উভয় পক্ষ।
বৈঠকে স্টিফেন কারপিন বলেন, ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভবিষ্যৎ পরিকল্পনায় বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ বাজার। তিনি উল্লেখ করেন, ডিজিটাল আর্থিক সেবার দ্রুত সম্প্রসারণ, ই-কমার্স খাতের ধারাবাহিক প্রবৃদ্ধি এবং আর্থিক অবকাঠামোয় চলমান বিনিয়োগের ফলে বাংলাদেশ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার নতুন এক যুগে প্রবেশ করছে।
তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং নিরাপদ ডিজিটাল লেনদেন নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতাও জোরদার হবে।
এ সময় ভিসার ভারত ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেঠিও উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
আপনার মতামত লিখুন :