ফ্যামিলি কার্ডে স্বচ্ছতা নিশ্চিত করতে নির্ভুল তথ্যভান্ডারের নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
দেশের প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি নির্ভুল ও গ্রহণযোগ্য তথ্যভান্ডার গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২০ জুলাই) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সারাদেশে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশলবিষয়ক এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
বৈঠকে ফ্যামিলি কার্ড কর্মসূচির বর্তমান অগ্রগতি, বাস্তবায়ন প্রক্রিয়া এবং দেশব্যাপী কার্যক্রম সম্প্রসারণের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রী বলেন, প্রকৃত উপকারভোগীদের সঠিকভাবে চিহ্নিত করতে নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্যভান্ডার গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের নির্দেশ দেন তিনি।
এ ছাড়া, পর্যায়ক্রমে সারাদেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিস্তারের জন্য বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
বৈঠকে তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়, যাতে প্রকৃত সুবিধাভোগীরাই সরকারি এই সেবার আওতায় আসতে পারেন।
আপনার মতামত লিখুন :