রাঙ্গামাটি কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু, জেলে-ব্যবসায়ীদের মুখে হাসি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
মো: সুমন খান, রাঙামাটি :
দীর্ঘ সাড়ে তিন মাস মাছ আহরণ বন্ধ থাকার পর আবারও প্রাণ ফিরে পেয়েছে কাপ্তাই হ্রদ। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর মঙ্গলবার (১১ আগস্ট) মধ্যরাত থেকে জেলেরা হ্রদে মাছ ধরা শুরু করেছেন। এতে জেলে, ব্যবসায়ী এবং হ্রদকেন্দ্রিক শ্রমিক-কর্মচারীদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার রাত ১২টা ১ মিনিট থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এরপরই জেলেরা নৌকা নিয়ে হ্রদে নেমে পড়েন। বুধবার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে তারা ধরা মাছ নিয়ে বিএফডিসির ফিশারি ঘাটে আসতে শুরু করলে সেখানে কর্মব্যস্ততা ফিরে আসে।
মাছ ব্যবসায়ী জাফর ইকবাল ও মো. ইসহাক জানান, দীর্ঘ বিরতির পর মাছ আহরণ শুরু হওয়ায় জেলে ও ব্যবসায়ীরা আনন্দিত। তবে প্রথম দিনে বেশি ধরা পড়েছে ছোট মাছ, বিশেষ করে চাপিলা, কাচকি ও মিশ্র প্রজাতির মাছ। তারা বলেন, বর্তমানে হ্রদে পানির পরিমাণ বেশি থাকায় বড় মাছের তুলনায় ছোট মাছই বেশি ধরা পড়ছে। আগামী কয়েক দিনে মাছের পরিমাণ ও ধরন আরও স্পষ্ট হবে বলে আশা করছেন তারা।
রাঙামাটি বিএফডিসির ব্যবস্থাপক ফয়েজ আল করিম বলেন, মাছ আহরণের প্রথম দিন হওয়ায় পূর্ণাঙ্গ তথ্য পেতে বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর মোট আহরণ এবং প্রজাতিভিত্তিক তথ্য প্রকাশ করা হবে।
এদিকে জেলে ও ব্যবসায়ীদের প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রথম দিনে আহরিত মাছের প্রায় ৮০ শতাংশই ছোট প্রজাতির, যার মধ্যে কাচকি, চাপিলা ও মিশ্র মাছের আধিক্য রয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, আগামী দিনগুলোতে মাছের উৎপাদন ও বাজারে সরবরাহ আরও বাড়বে এবং কাপ্তাই হ্রদকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি ফিরে আসবে।
আপনার মতামত লিখুন :