আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত : স্পিকার হাফিজ উদ্দিন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
বর্তমান জাতীয় সংসদের কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। সংসদ সদস্যদের একে অপরকে কথা বলার সুযোগ দিতে বাধা দেওয়ার প্রবণতা সংসদের জন্য ভালো লক্ষণ নয় বলে মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিরোধীদলীয় নেতার বক্তব্যকে কেন্দ্র করে সংসদে হট্টগোল ও বাগবিতণ্ডার পর স্পিকার এসব কথা বলেন। বিকেল ৩টায় শুরু হওয়া অধিবেশনে সভাপতিত্ব করছিলেন তিনি।
সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার বলেন, ‘আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আজকে একে অপরকে কথা বলার সুযোগে যেভাবে বাধা দেওয়ার প্রচেষ্টা দেখেছি, এটা সংসদের জন্য ভালো লক্ষণ নয়।’
তিনি বলেন, বহু ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে সচল রাখতে এবং জনগণের এই প্রতিষ্ঠানকে কার্যকর রাখতে সংসদের রুলস অব প্রসিডিউর কঠোরভাবে মেনে চলতে হবে।
স্পিকার বলেন, ‘আপনাদের বলব, সংসদের রুলস অব প্রসিডিউর পড়ুন। স্পিকার যখন কথা বলেন, তখন সবাইকে বসে শুনতে হয়। এই আইন-নীতি যদি না মানেন, ভঙ্গ করেন, তাহলে এই সংসদ বেশিদিন চলবে না।’
জাতীয় সংসদে নিজের ৪০ বছরের অভিজ্ঞতার কথা স্মরণ করে স্পিকার সংসদ সদস্যদের অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সংসদীয় রীতিনীতি মেনে চলার মাধ্যমে একটি কার্যকর ও ভালো সংসদ উপহার দেওয়ার জন্য সব সদস্যের প্রতি আহ্বান জানান তিনি।
এর আগে কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক প্রশ্নের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘স্পিকার, এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা হলো, বুঝতে পারিনি।’
স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের পর সংসদে হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যদি কথাই না বলতে দেন, তাহলে কিসের বাকস্বাধীনতা।’
পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিকার সংসদ সদস্যদের শান্ত থাকার এবং সংসদের নিয়ম মেনে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :