পঞ্চগড়ে হস্ত ও কুটির শিল্প মেলার উদ্বোধন, ৭০ স্টলে পণ্যের সমাহার
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সাইয়্যেদ মুহাম্মদ শান্ত, পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড়ে হস্ত ও কুটির শিল্প মেলার উদ্বোধন করেছেন সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ। সোমবার বিকেলে পঞ্চগড় প্রেস ক্লাবের আয়োজনে পঞ্চগড় সরকারি অডিটরিয়াম চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক ইমাম রাজী টুলু, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহেরুল ইসলাম কাচ্চু, পঞ্চগড় আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাজমূল ইসলাম কাজল, পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এবারের মেলায় পঞ্চগড়সহ আশপাশের জেলার হস্ত ও কুটির শিল্পীদের তৈরি পণ্য নিয়ে মোট ৭০টি স্টল বসানো হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্ধারিত প্রবেশ ফি দিয়ে দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন।
উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, স্থানীয় হস্ত ও কুটির শিল্পকে আরও বেশি গুরুত্ব দিয়ে তুলে ধরতে হবে। এসব শিল্প যেন বাজার ও পরিচিতি পায়, সে বিষয়ে আয়োজকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে মেলা প্রাঙ্গণে আতশবাজির মাধ্যমে আয়োজনের আনন্দ আরও বাড়িয়ে তোলা হয়।
আপনার মতামত লিখুন :