কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের পূর্ণাঙ্গ তালিকা চেয়েছে হাইকোর্ট


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

সারাদেশের কারাগারে মায়েদের সঙ্গে থাকা শিশুদের সংখ্যা, বয়স ও বিস্তারিত তথ্যসহ পূর্ণাঙ্গ তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি এসব শিশুদের কল্যাণ, নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে রুল জারি করা হয়েছে।

সোমবার সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের বেঞ্চ এ আদেশ দেন। আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছেন।

রুলে কারাগারে মায়েদের সঙ্গে থাকা শিশুদের সুরক্ষা ও জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। রুলের জবাব দিতে বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং কারা অধিদপ্তরকে।

রিটটি করা হয় ‘কারাগারে বিপন্ন শৈশব’ শীর্ষক একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ জেল কোড অনুযায়ী নারী হাজতি ও কয়েদিরা নির্দিষ্ট সময় পর্যন্ত সন্তানদের সঙ্গে রাখতে পারেন, তবে শর্তসাপেক্ষে ছয় বছর পর্যন্ত সুযোগ রয়েছে।

কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের ৭৪টি কেন্দ্রীয় ও জেলা কারাগারে বর্তমানে মায়েদের সঙ্গে রয়েছে ২৯৯ জন শিশু (২৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত)। এর মধ্যে কন্যাশিশু ১৫৩ জন এবং ছেলেশিশু ১৪৬ জন। অধিকাংশ শিশুর মায়েরা মাদক ও হত্যা মামলার আসামি, কেউ সাজাপ্রাপ্ত আবার কেউ বিচারাধীন।

বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, ঢাকা বিভাগে ১০০ জন, চট্টগ্রামে ৯০ জন, রাজশাহীতে ২৫ জন, সিলেটে ১৯ জন, রংপুরে ২৫ জন, খুলনায় ২০ জন, বরিশালে ৪ জন এবং ময়মনসিংহে ১৩ জন শিশু রয়েছে।

সবচেয়ে বেশি শিশু রয়েছে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে, যেখানে ৫১ জন শিশু রয়েছে। তাদের অনেকেই কারাগারের নির্ধারিত ওয়ার্ডে মায়ের সঙ্গে থাকছে।

আদালতের নির্দেশে এখন এই শিশুদের পূর্ণাঙ্গ তথ্য, বয়সভিত্তিক তালিকা এবং তাদের জীবনমান উন্নয়নে নেওয়া পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিস্তারিত প্রতিবেদন দিতে হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ