রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় সেনাবাহিনীর সৌরচালিত সুপেয় পানির পাম্প উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
চিংনুমং মারমা, রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি :
পার্বত্য অঞ্চলের মানুষের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে মানবিক উদ্যোগ হিসেবে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম লুংলেই পাড়ায় একটি সৌরচালিত সুপেয় পানির পাম্প স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (৬ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নামফলক উন্মোচনের মাধ্যমে পানির পাম্পটির উদ্বোধন করেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, পিএসসি।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তি, লুংলেই পাড়ার বাসিন্দা, বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি এবং আর্থ-সামাজিক উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। দুর্গম পাহাড়ি এলাকায় সুপেয় পানির সংকট স্থানীয় মানুষের অন্যতম বড় সমস্যা ছিল। সেই সমস্যা দূর করে নিরাপদ পানির নিশ্চয়তা দিতে সেনাবাহিনীর এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, সৌরচালিত এই পানির পাম্প চালুর ফলে লুংলেই পাড়ার বাসিন্দাদের বিশুদ্ধ পানির প্রাপ্তি সহজ হবে। এতে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হওয়ার পাশাপাশি এলাকার মানুষের জীবনমানেও ইতিবাচক পরিবর্তন আসবে।
পাম্পটির উদ্বোধনের পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়। তারা জানান, এতদিন পাহাড়ি ঢাল বেয়ে দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হতো। এখন সহজেই বিশুদ্ধ পানি পাওয়া যাবে, যা তাদের দৈনন্দিন জীবনকে অনেক সহজ করে তুলবে। এ মানবিক উদ্যোগের জন্য তারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সেনাবাহিনী সূত্র জানায়, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :