জ্বালানি পাচার ঠেকাতে সীমান্তে বিজিবির কড়া নজরদারি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

পঞ্চগড় প্রতিনিধি :

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে সম্ভাব্য পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে দেশের একমাত্র চারদেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা স্থলবন্দর–এ অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, সদর দপ্তরের নির্দেশনায় পঞ্চগড় জেলার প্রায় ১৩৫ কিলোমিটার সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। সম্ভাব্য জ্বালানি তেল পাচার ঠেকাতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে সন্দেহভাজন যানবাহন ও পণ্যবাহী মালামাল তল্লাশি করা হচ্ছে।

এ ছাড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াতকারী যাত্রীদেরও তল্লাশি করা হচ্ছে। একই সঙ্গে সীমান্তজুড়ে নিয়মিত টহল বাড়ানো এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি কর্মকর্তারা জানান, দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে দায়িত্ব পালন করা হচ্ছে। জ্বালানি তেল পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, জ্বালানি তেল পাচার ঠেকাতে যশোর সীমান্তেও বিজিবির কড়া নজরদারি দেখা গেছে। ট্রাকে ট্রাকে গিয়ে বিজিবি সদস্যরা পরীক্ষা-নিরীক্ষা করছেন। অন্য কোনো উপায়েও যাতে তেল প্রতিবেশী দেশে পাচার না হয়ে যায়, সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

এছাড়া সাতক্ষীরা সীমান্ত দিয়েও জ্বালানি পাচার রোধে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিজিবি। ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পণ্য নিয়ে ভারতগামী ট্রাক তল্লাশি করা হচ্ছে। একইভাবে ভারত থেকে আসা ট্রাকও যাতে বাংলাদেশ থেকে অতিরিক্ত জ্বালানি নিয়ে ফিরে যেতে না পারে, সেদিকেও নজরদারি বাড়ানো হয়েছে।

কাজী আশিকুর রহমান, সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক জানান, ব্যাটালিয়নের আওতাধীন প্রায় ৫৪ কিলোমিটার সীমান্ত এলাকায় যেন জ্বালানি পাচার না হয় সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা রাখা হয়েছে। দায়িত্বপূর্ণ এলাকার ফিলিং স্টেশনগুলো সরকারি নির্দেশনা মেনে জ্বালানি বিক্রি করছে কিনা তাও তদারকি করা হচ্ছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ