শপথ নিলেন ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বঙ্গভবনে নতুন অধ্যায়ের সূচনা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন প্রবীণ রাজনীতিবিদ ও বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে আনুষ্ঠানিকভাবে শপথ নেন তিনি।
সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নতুন রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান। মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। শপথ গ্রহণের মধ্য দিয়ে মো. সাহাবুদ্দিনের উত্তরসূরি হিসেবে রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সামরিক ও বেসামরিক প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। শপথ পাঠ শেষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথনামায় স্বাক্ষর করেন। ভারপ্রাপ্ত স্পিকার তা সত্যায়িত করেন।
শপথ শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। পরে রাষ্ট্রপতির শপথের পরপরই চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীও শপথ নেন।
এর আগে গত ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় বিরোধী জোট সমর্থিত কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। মোট ৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে ৩৪৩টি ভোট বৈধ হয়।
নির্বাচনের ফল ঘোষণার পরই নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আনুষ্ঠানিকভাবে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে।
এর আগে আওয়ামী লীগ আমলে রাষ্ট্রপতির দায়িত্ব পাওয়া মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করেন। এরপর সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। প্রায় চার সপ্তাহ পর নতুন রাষ্ট্রপতি পেল বঙ্গভবন।
জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর শেরেবাংলানগরে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি পৃথকভাবে দুই সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন, ফাতেহা পাঠ করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদনের সময় সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও নবনির্বাচিত রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব ইউনুস আলী উপস্থিত ছিলেন। এ সময় নিরাপত্তা বেষ্টনীর বাইরে থাকা দলীয় নেতাকর্মী ও সমর্থকদের হাত নেড়ে শুভেচ্ছা জানান নতুন রাষ্ট্রপতি।
আপনার মতামত লিখুন :