ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে ৬ দিন ট্রাক-লরি চলাচল বন্ধ : ডিএমপি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
ঈদযাত্রা স্বস্তিদায়ক করা এবং কোরবানির পশুর হাটকেন্দ্রিক যানজট নিয়ন্ত্রণে মহাসড়কে ছয় দিন ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
গণবিজ্ঞপ্তি অনুযায়ী, ঈদ উপলক্ষে ২৫ থেকে ২৭ মে এবং ২৯ থেকে ৩১ মে, মোট ছয় দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। এ সিদ্ধান্তের লক্ষ্য ঈদের আগে ও পরে যাত্রী চলাচল স্বাভাবিক রাখা এবং পশুর হাট ঘিরে সৃষ্ট যানজট কমানো।
ডিএমপি জানায়, ঈদের সময় আনুমানিক এক কোটির বেশি মানুষ ঢাকা ছাড়েন এবং প্রায় ৩০ লাখ মানুষ রাজধানীতে প্রবেশ করেন। বিপুল এই যাতায়াত নির্বিঘ্ন রাখতে বিভিন্ন সমন্বিত পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে নিষেধাজ্ঞার বাইরে থাকবে পশুবাহী যানবাহন এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পঁচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন।
এ ছাড়া রুট পারমিটবিহীন বাস চলাচল করতে পারবে না। আন্তঃজেলা বাসগুলোকে টার্মিনালের ভেতর থেকে যাত্রী নিয়ে সরাসরি গন্তব্যে যেতে হবে। সড়কের ওপর দাঁড়িয়ে বা অনুমোদিত কাউন্টার ছাড়া যাত্রী ওঠানামা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
ডিএমপি আশা করছে, এসব নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে ঈদযাত্রা হবে আরও নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও স্বস্তিদায়ক।
আপনার মতামত লিখুন :