অভ্যন্তরীণ সমস্যায় ‘ট্রাইব্যুনাল’ ছাড়লেন অভিনেত্রী নুসরাত ফারিয়া
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
বিনোদন ডেস্ক :
নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর একটি মামলাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে কোর্টরুম ড্রামা ঘরানার সিনেমা ‘ট্রাইব্যুনাল’। রায়হান খান পরিচালিত সিনেমাটিতে গত বছর যুক্ত হয়েছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তবে শেষ পর্যন্ত সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সিনেমাটিতে একজন ব্যারিস্টারের চরিত্রে অভিনয় করার কথা ছিল নুসরাত ফারিয়ার। তবে তার অংশের শুটিং এখনো শুরু হয়নি। সিনেমাটির অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে তিনি আর এতে থাকছেন না বলে জানিয়েছেন অভিনেত্রী।
বিষয়টি নিশ্চিত করে নুসরাত ফারিয়া বলেন, নির্মাতা রায়হান খান তার খুব কাছের মানুষ। তার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। সিনেমাটিতে আইনজীবীর চরিত্রে অভিনয় করার কথা থাকলেও এখন আর তিনি ‘ট্রাইব্যুনাল’-এর সঙ্গে থাকছেন না।
ফারিয়া বলেন, সিনেমাটির অভ্যন্তরীণ কিছু সমস্যা হয়েছে বলে তিনি শুনেছেন। এ কারণে সিনেমাটির সঙ্গে থাকা তার পক্ষে সম্ভব হচ্ছে না।
সিনেমাটির শুটিং প্রসঙ্গে তিনি জানান, ‘ট্রাইব্যুনাল’-এর অনেক অংশের শুটিং ইতোমধ্যে হয়েছে। তবে তার অংশের শুটিং বাকি ছিল। তার চরিত্রের বেশির ভাগ দৃশ্য আদালতকেন্দ্রিক হওয়ায় এখনো সেগুলোর শুটিং শুরু হয়নি।
‘ট্রাইব্যুনাল’-এ নুসরাত ফারিয়া ছাড়াও অভিনয় করছেন তারিক আনাম খান, মৌসুমী হামিদ, তানিয়া বৃষ্টি, সায়রাসহ আরও অনেকে।
এর আগে নির্মাতা রায়হান খান জানিয়েছিলেন, সিনেমাটির প্রায় ৬৫ শতাংশ শুটিং শেষ হয়েছে। বাকি অংশের শুটিং ও সম্পাদনা-পরবর্তী কাজ শেষ করে গত রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা ছিল। তবে অভিনেত্রী তানিয়া বৃষ্টির অসুস্থতার কারণে একপর্যায়ে সিনেমাটির কাজ থমকে যায়।
এদিকে নুসরাত ফারিয়া অভিনীত ওয়েব চলচ্চিত্র ‘লাপাত্তা’র শুটিং ও অন্যান্য কাজও প্রায় শেষের দিকে। পাশাপাশি গত সপ্তাহে নতুন আরেকটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। ‘লজ্জা’ নামের সিনেমাটিতে ফারিয়ার সঙ্গে অভিনয় করবেন আজমেরী হক বাঁধন।
আগামী ২০ সেপ্টেম্বর থেকে ‘লজ্জা’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
আপনার মতামত লিখুন :