দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কমলো ৩ হাজার ৩২৪ টাকা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম সর্বোচ্চ ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে। নতুন মূল্য শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ-সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা, যা আগের দিনের ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা থেকে ৩ হাজার ৩২৪ টাকা কম।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৮১ হাজার ২০০ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানায়, শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ-সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে বাজার পরিস্থিতি পর্যালোচনা করে নতুন মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এই দর শুক্রবার সকাল ১০টা থেকে সারাদেশে কার্যকর হয়েছে।
আপনার মতামত লিখুন :