প্রায় ১৬ বছর ধরে মানসিক নির্যাতন, এবার নীরবতা ভাঙলেন প্রভা
বিনোদন ডেস্ক :
প্রায় ১৬ বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিক ট্রল, কটূক্তি ও সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। দীর্ঘদিন এসব নিয়ে নীরব থাকলেও এবার আর চুপ থাকেননি তিনি। সম্প্রতি নিজের ফেসবুক লাইভে এসে সমাজ, ট্রল সংস্কৃতি ও ভিকটিম ব্লেমিং নিয়ে ক্ষোভ আর বাস্তব অভিজ্ঞতার কথা স্পষ্ট ভাষায় তুলে ধরেছেন এই অভিনেত্রী।
লাইভ ভিডিওর শুরুতেই প্রভা জানান, অনেক ঘটনায় এতদিন তিনি কথা বলেননি। কিন্তু দায়িত্ববোধের জায়গা থেকে এখন আর চোখ বন্ধ করে থাকা সম্ভব নয়। তাই নিজের ভেতরে জমে থাকা সত্যগুলো প্রকাশ্যে বলার সিদ্ধান্ত নিয়েছেন।
অনলাইনে যারা অন্যদের ট্রল ও বুলিং করেন, তাদের মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন প্রভা। মনোবিজ্ঞানী ও মনোরোগ বিশেষজ্ঞদের গবেষণার কথা উল্লেখ করে তিনি বলেন, যারা সোশ্যাল মিডিয়ায় মানুষকে নিয়ে কটূক্তি করে, তারা আসলে নিজের যোগ্যতা, অবস্থান, সৌন্দর্য বা কোয়ালিফিকেশন নিয়ে ইনসিকিউর। নিজের জীবনে সন্তুষ্ট না বলেই তারা অন্যদের আক্রমণ করে।”
নিজের দীর্ঘদিনের যন্ত্রণা তুলে ধরে এই অভিনেত্রী বলেন, আমাকে প্রায় ১৬ বছর ধরে বুলিং করা হচ্ছে। আপনারা আমাকে বুলিং করে যে বিকৃত আনন্দ পান, সেটা আমি বুঝি। কিন্তু আমাকে যতটা সময় নিয়ে ট্রল করেন, তার অর্ধেক সময়ও যদি প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে তাদের অপরাধ নিয়ে কথা বলতেন, তাহলে পরিস্থিতি এত ভয়াবহ হতো না।
ভিকটিম ব্লেমিংয়ের সংস্কৃতির তীব্র সমালোচনা করে প্রভা বলেন, আমাদের সমাজে অপরাধীর বদলে ভিকটিমকেই বেশি কাঠগড়ায় দাঁড় করানো হয়। তিনি মনে করিয়ে দেন, কারও সম্মতি ছাড়া ব্যক্তিগত গোপনীয়তা প্রকাশ করাও একটি গুরুতর অপরাধ। অথচ সেই অপরাধীদের বদলে দিনের পর দিন ভিকটিমকেই মানসিকভাবে নিপীড়ন করা হচ্ছে।
ট্রলকারীদের উদ্দেশে কড়া ভাষায় প্রভা আরও বলেন, আপনাদের ইনসিকিউরিটি বা জীবনসংগ্রাম নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু যে পরিমাণ বুলিং আপনারা আমাকে করেছেন, তার অর্ধেকও যদি অপরাধীদের করতেন, তাহলে সমাজে এত বিকৃত মানসিকতার জন্ম হতো না।
ভিডিও বার্তার শেষাংশে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য চাইল্ডহুড ট্রমা দূর করা, সঠিক প্যারেন্টিং ও সচেতন সমাজ গড়ে তোলা জরুরি। তবে সেটি সম্ভব নয়, যদি অপরাধীকে আড়াল করে ভিকটিমকে বারবার দোষারোপ করা হয়। ভিকটিম নয়, প্রকৃত অপরাধীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান তিনি।
প্রভার এই লাইভ বক্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। অনেকেই তার সাহসী অবস্থানের প্রশংসা করছেন, আবার ট্রল সংস্কৃতি নিয়ে নতুন করে ভাবার আহ্বান জানাচ্ছেন।
