সাদিপুর ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলী আছকর ফয়েজ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
শরীফ আহমদ চৌধুরী, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :
সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হতে উপজেলা বিএনপির কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আছকর ফয়েজ।
বুধবার নিজ বাড়িতে ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি। পরে বিকেলে সাদিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় ঐকমত্যের ভিত্তিতে নিজের জীবনবৃত্তান্ত দলের কাছে পেশ করেন আলী আছকর ফয়েজ।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয়তাবাদী পরিবারের সন্তান আলী আছকর ফয়েজ ছাত্রজীবন থেকেই সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। তার রাজনৈতিক পথচলা শুরু হয় ছাত্রদলের মাধ্যমে। ১৯৯১ সালে তিনি সাদিপুর ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পান। ওই কমিটির সভাপতি ছিলেন তার বড় ভাই।
এরপর দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নেন আলী আছকর ফয়েজ। রাজনৈতিক কারণে প্রতিপক্ষের রোষানলে পড়ে ১৯৯৬ সালে প্রায় ২৮ থেকে ২৯টি মামলায় তিনি পাঁচ মাস চার দিন কারাভোগ করেন বলে দলীয় সূত্র জানিয়েছে। পরবর্তীতে সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর নেতৃত্বে দলীয় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখেন তিনি।
দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার ধারাবাহিকতায় উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্বে আসেন আলী আছকর ফয়েজ। বর্তমানে তিনি ওসমানীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনীতির পাশাপাশি নিজ এলাকার উন্নয়ন কর্মকাণ্ডেও দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন বলে জানান স্থানীয়রা। সরকারি-বেসরকারি বিভিন্ন উদ্যোগের পাশাপাশি পারিবারিকভাবেও সাদিপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি ভূমিকা রেখেছেন বলে দাবি তার সমর্থকদের।
এ কারণে আসন্ন সাদিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হওয়ার প্রত্যাশায় দলের কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন তিনি। এর আগে নিজ বাড়িতে আয়োজিত মতবিনিময় সভায় ইউনিয়নের সাধারণ মানুষ, বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী বিষয় নিয়ে মতবিনিময় করেন।
কর্মীসভায় বক্তারা বলেন, বিএনপির রাজনীতি করতে গিয়ে আলী আছকর ফয়েজ একাধিকবার কারাবরণ করেছেন। দীর্ঘদিন রাজপথে সক্রিয় থেকে দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও দলের প্রতি দীর্ঘদিনের আনুগত্য বিবেচনা করে সাদিপুর ইউনিয়নে তাকে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়ার জন্য দলের নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, আলী আছকর ফয়েজ একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। দলীয় মনোনয়ন পেলে তিনি সাধারণ মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি সাদিপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
এদিকে দলীয় মনোনয়ন পেলে সাদিপুর ইউনিয়নকে একটি উন্নত, আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তরের লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন আলী আছকর ফয়েজ। সভায় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :