টানা বৃষ্টিতে মধ্যনগরে শতবর্ষী রেন্টি গাছ উপড়ে বিপত্তি, অল্পের জন্য রক্ষা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সাইদুর রহমান জিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
টানা কয়েক দিনের ভারী বর্ষণে মাটির গোড়া নরম হয়ে সুনামগঞ্জের মধ্যনগর বাজারে শহীদ মিনারের সামনে থাকা একটি শতবর্ষী রেন্টি গাছ শিকড়সহ উপড়ে পড়েছে। শনিবার (১৮ জুলাই) গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বাজারের কয়েকটি দোকান ও বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিনের অব্যাহত বৃষ্টিতে গাছটির গোড়ার মাটি দুর্বল হয়ে পড়ায় গভীর রাতে হঠাৎ সেটি উপড়ে গিয়ে পাশের দোকান ও ঘরের ওপর আছড়ে পড়ে। এতে কয়েকটি দোকান ও বসতঘরের চালা এবং বিভিন্ন স্থাপনার আংশিক ক্ষয়ক্ষতি হয়। তবে ঘটনাটি গভীর রাতে ঘটায় বাজারে লোকজন না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
খবর পেয়ে ধর্মপাশা ফায়ার সার্ভিস, মধ্যনগর বিদ্যুৎ বিভাগের কর্মীরা এবং বাজার বণিক সমিতির নেতারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। বিদ্যুৎ সংযোগ থেকে সম্ভাব্য ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি গাছটি অপসারণের কাজও শুরু করা হয়।
মধ্যনগর বাজার বণিক সমিতির সভাপতি আবুল বাশার বলেন, গাছের বড় কয়েকটি ডাল দোকান ও ঘরের ওপর পড়ে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সবচেয়ে স্বস্তির বিষয়, এ ঘটনায় কেউ আহত হননি। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় দ্রুত গাছ অপসারণের কাজ চলছে এবং অল্প সময়ের মধ্যেই বাজারের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে, এ ঘটনার পর মধ্যনগর খাদ্যগুদামের বাউন্ডারির ভেতরে থাকা একটি মৃত গাছ নিয়েও নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। গাছটি পাশের একটি মাদ্রাসার ছাত্রাবাসের দিকে বিপজ্জনকভাবে হেলে থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা ঝুঁকিপূর্ণ ওই গাছটি দ্রুত অপসারণের পাশাপাশি জনবহুল এলাকায় থাকা অন্যান্য পুরোনো ও ঝুঁকিপূর্ণ গাছগুলো নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :