তালতলী থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, চিরকুট উদ্ধার


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

জাকিয়া সুলতানা, বরগুনা জেলা প্রতিনিধি :

বরগুনার তালতলী থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মো. ফারুক হোসেন গাজী (৫৫) মারা গেছেন। রোববার সকালে থানার ব্যারাকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার কক্ষ থেকে চার পৃষ্ঠার একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

নিহত ফারুক হোসেন গাজী ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার আংগারিয়া গ্রামের বাসিন্দা। তিনি রতন আলী গাজীর ছেলে এবং তালতলী থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্র জানায়, রোববার সকাল ৯টার দিকে থানার ব্যারাকে নিজ কক্ষে তাকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। সহকর্মীরা দ্রুত তাকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সকাল সাড়ে ৯টায় কর্তব্যরত চিকিৎসক ডা. সোহাগ তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর তার কক্ষ তল্লাশি করে চার পৃষ্ঠার একটি চিরকুট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, চিরকুটে তিনি নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি। সেখানে মৃত্যুর পর মরদেহ পৈতৃক বাড়িতে পাঠানোর অনুরোধসহ কিছু পারিবারিক ব্যক্তিগত বিষয় উল্লেখ ছিল।

এ বিষয়ে মো. তরিকুল ইসলাম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (আমতলী-তালতলী সার্কেল), বলেন, মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। উদ্ধার হওয়া চিরকুটে কোনো নির্দিষ্ট কারণের উল্লেখ নেই। খবর পাওয়ার পর দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ আরও জানায়, ফারুক হোসেন গাজী প্রায় এক মাস আগে পাথরঘাটা থানা থেকে বদলি হয়ে তালতলী থানায় যোগদান করেছিলেন।

তার আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ