মাদক দমনে কঠোর পদক্ষেপ, বিশেষ ট্রাইব্যুনাল গঠনের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
মাদক নিয়ন্ত্রণে আইন ও সক্ষমতা দুটোই শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের অস্ত্র দেওয়ার পাশাপাশি মাদক মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২৫ জুন) আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় ১৫টি বেসরকারি মাদক পুনর্বাসনকেন্দ্রের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদকাসক্ত। সিনথেটিক ও সেমি-সিনথেটিক মাদকের বিস্তারে পরিস্থিতি আরও জটিল হয়েছে। বিদ্যমান আইনে মাদক নিয়ন্ত্রণ কার্যকরভাবে সম্ভব হচ্ছে না বলেও তিনি মন্তব্য করেন।
তিনি জানান, মাদকচক্রগুলো অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করছে, অথচ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে কোনো অস্ত্র নেই। এই পরিস্থিতিকে তিনি ‘ঢাল নেই, তলোয়ার নেই- নিধিরাম সর্দার’ অবস্থার সঙ্গে তুলনা করেন। এ কারণেই মাদক আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা চলতি সংসদেই উত্থাপন করা হতে পারে।
ঢাকায় মাদকের প্রায় ৮০ হাজার মামলা বিচারাধীন রয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, সারা দেশেই বিপুলসংখ্যক মামলা ঝুলে আছে। প্রথাগত বিচার ব্যবস্থায় এত মামলার নিষ্পত্তি কঠিন হওয়ায় বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে। পাশাপাশি প্রচলিত আদালতেও এসব মামলার বিচার চলবে।
মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়ে তিনি জানান, ১ হাজার ৪১৩ কোটি টাকা ব্যয়ে সাতটি বিভাগীয় শহরে ২০০ শয্যাবিশিষ্ট মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসনকেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে। পাশাপাশি বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করতে ৭৩টি মাদক নিরাময়কেন্দ্রকে মোট ১ কোটি ১০ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :