বিসিবি নির্বাচন স্থগিতে হস্তক্ষেপ নয়, ৭ জুন ভোটে বাধা নেই
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক কমিটির নির্বাচন স্থগিত চেয়ে করা সম্পূরক আবেদন শুনেননি হাইকোর্ট। তবে আবেদনটি নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। ফলে আগামী ৭ জুন নির্ধারিত বিসিবি নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
রোববার (১৭ মে) হাইকোর্ট বিভাগ-এর বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায়-এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এবং বিসিবির পক্ষে শুনানি করেন মাহিম এম রহমান।
শুনানি শেষে ব্যারিস্টার মাহিম এম রহমান সাংবাদিকদের বলেন, আদালত বিসিবির নির্বাচন স্থগিত চেয়ে জনৈক মোশাররফ হোসেনের করা রিটের সঙ্গে দাখিল করা সম্পূরক আবেদনটি নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন। তবে নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপ না করার সিদ্ধান্তও জানিয়েছেন আদালত।
তিনি আরও জানান, গত মার্চে মোহাম্মদ মোশাররফ বিসিবির গঠনতন্ত্রের একটি ধারাকে চ্যালেঞ্জ করে রিট দায়ের করলে আদালত রুল জারি করেন। বিচারাধীন সেই রিটের সঙ্গেই আজকের সম্পূরক আবেদন করে আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত চাওয়া হয়েছিল।
তবে শুনানি শেষে আদালত স্পষ্টভাবে জানিয়েছে, এই আবেদনের ভিত্তিতে বিসিবির নির্বাচন প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করা হবে না।
আপনার মতামত লিখুন :