পুনাকের ‘স্বাবলম্বী’ উদ্যোগে সিলেটে ১৫ অসহায় পেল প্যাডেল রিকশা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: আমীর হোসেন সোহাগ, সিনিয়র স্টাফ রিপোর্টার :

সিলেট মহানগরীর ১৫ জন অসহায় ও দুঃস্থ ব্যক্তির মধ্যে প্যাডেল রিকশা বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), এসএমপি, সিলেট। ‘স্বাবলম্বী’ কর্মসূচির আওতায় আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

শনিবার (১১ জুলাই ২০২৬) বিকেল ৪টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসব প্যাডেল রিকশা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক, এসএমপি, সিলেট-এর সভানেত্রী সিদরাতুল মুনতাহা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এবং মহানগর বিএনপি, সিলেট-এর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

এছাড়া সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা পুনাক, এসএমপি, সিলেট-এর মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন। তারা বলেন, অসহায় মানুষের জন্য আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।

অনুষ্ঠানে জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই পুনাক, এসএমপি, সিলেট বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ১৭ ডিসেম্বর ‘স্বাবলম্বী’ কর্মসূচির আওতায় মহানগরীর ১০ জন অসহায় ব্যক্তির মধ্যে প্যাডেল রিকশা, ভ্যান ও ফুডকার্ট বিতরণ করা হয়েছিল।

এছাড়াও রমজান মাসে ইফতার বিতরণ, ঈদসামগ্রী প্রদান, শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি, শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ এবং বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা প্রদানসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করছে পুনাক, এসএমপি, সিলেট।

আয়োজকরা জানান, ‘স্বাবলম্বী’ কর্মসূচির মাধ্যমে অসহায় মানুষের জীবনমান উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা তৈরিতে কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ