সংসদে সক্রিয় হতে বিএনপির নারী এমপিদের প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বাসস :
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখার জন্য সংরক্ষিত আসনের বিএনপিদলীয় নারী সংসদ সদস্যদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন। সোমবার (১৮ মে) বিকেলে এক সভায় দলের নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের উদ্দেশে তিনি এই নির্দেশনা দেন।
বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং জানায়, সভায় তারেক রহমান বলেন, একজন সংসদ সদস্য হিসেবে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হলে তথ্যসমৃদ্ধ হতে হবে এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে।
জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে নারী এমপিদের সতর্ক ও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে কেউ যেন জনগণকে বিভ্রান্ত করতে না পারে, সে বিষয়ে সংসদ সদস্যদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। নিজ নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, গত ১৭ বছর জনগণ এক ধরনের মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে গেছে, মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেনি। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর জনগণ তাদের সব ধরনের গণতান্ত্রিক অধিকার ভোগ করছে।
সভায় জাতীয় সংসদে সংসদ সদস্যদের কর্মপদ্ধতি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে নারী সংসদ সদস্যরা তাদের মতামত তুলে ধরেন। সভায় বিএনপির ৩৬ জন নারী সংসদ সদস্য উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ১৭ জন বক্তব্য দেন।
সভা শেষে নারী সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরুর আগে সংসদীয় কার্যপ্রণালি বিষয়ে দলীয়ভাবে নারী এমপিদের প্রশিক্ষণ দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি নিজ নিজ এলাকার মানুষের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়া এবং তৃণমূল পর্যায়ে দলের আদর্শ ও কর্মকাণ্ড তুলে ধরার নির্দেশনাও দেন তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা রুহুল কবীর রিজভী।
উল্লেখ্য, জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। এর মধ্যে বিএনপি পেয়েছে ৩৬টি আসন।
আপনার মতামত লিখুন :