হাইতির বিপক্ষে রাফিনিয়ার চোট, স্কটল্যান্ড ম্যাচের আগে চিন্তায় ব্রাজিল


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

খেলাধুলা ডেস্ক :

বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে হাইতির বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে রাফিনিয়াকে। ফলে স্কটল্যান্ডের বিপক্ষে আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুশ্চিন্তা বেড়েছে ব্রাজিল শিবিরে।

শনিবার (২০ জুন) যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ড-এ অনুষ্ঠিত ম্যাচের ৩৯তম মিনিটে হঠাৎ করেই মাঠে বসে পড়েন রাফিনিয়া। সঙ্গে সঙ্গে সতীর্থরা ও দলের চিকিৎসকরা তাকে ঘিরে ধরেন। কিছুক্ষণ পর উঠে দাঁড়ালেও তাকে স্পষ্ট অস্বস্তিতে দেখা যায়।

মাঠ ছাড়ার আগে গোলরক্ষক অ্যালিসন এবং ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রর সঙ্গে করমর্দন করেন তিনি। এরপর খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠের বাইরে চলে যান। সে সময় ভিনিসিউসকে রাফিনিয়ার হ্যামস্ট্রিংয়ের দিকে ইঙ্গিত করতে দেখা যায়, যা চোটের ধরন নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করেছে।

বেঞ্চে ফেরার সময় মাথা নিচু করে হাঁটছিলেন ২৯ বছর বয়সী এই উইঙ্গার। তাকে সান্ত্বনা দিতে দেখা যায় কোচ কার্লো আনচেলত্তিসহ দলের অন্য সদস্যদের।

চোটের সময় ম্যাচে ২-০ গোলে এগিয়ে ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। রাফিনিয়ার বদলি হিসেবে মাঠে নামেন তরুণ উইঙ্গার রায়ান। মাতেউস কুনার জোড়া গোলের পর ভিনিসিউস জুনিয়রের আরেকটি গোলে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে ব্রাজিল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রাফিনিয়ার অবস্থা নিয়ে নিশ্চিত কিছু জানাননি আনচেলত্তি। তিনি বলেন, “রাফিনিয়ার চোট মূল্যায়ন করতে হবে। আগামীকাল বিস্তারিত জানা যাবে। এই মুহূর্তে আমরা নিশ্চিত নই কী ঘটেছে।”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়েও চোট রাফিনিয়াকে ভুগিয়েছে। বছরের শুরুতে কয়েকটি প্রীতি ম্যাচে খেলতে পারেননি তিনি। মার্চে ফ্রান্সের বিপক্ষে চোট পাওয়ার পর ক্রোয়েশিয়ার বিপক্ষেও তাকে বাইরে থাকতে হয়েছিল।

এটি রাফিনিয়ার দ্বিতীয় বিশ্বকাপ। এখনও বিশ্বকাপ মঞ্চে গোলের দেখা না পেলেও ক্লাব ফুটবলে তার পারফরম্যান্স নজরকাড়া। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে ১৭৭ ম্যাচে ৭৫ গোল করার পাশাপাশি ৫২টি গোলে সহায়তা করেছেন তিনি।

এখন ব্রাজিল শিবিরের সবচেয়ে বড় প্রশ্ন একটাই- রাফিনিয়ার চোট কতটা গুরুতর এবং তিনি স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে পারবেন কি না।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ