মেডিকেল ভিসায় নতুন নির্দেশনা দিল ঢাকার মার্কিন দূতাবাস


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশি ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। মেডিকেল (বি-২) ভিসার আবেদন প্রক্রিয়ায় চিকিৎসার প্রয়োজনীয়তা, ব্যয়ের সক্ষমতা এবং প্রয়োজনীয় চিকিৎসা-সংক্রান্ত নথিপত্র জমা দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এসব নির্দেশনা দেওয়া হয়।

দূতাবাস জানায়, বি-২ মেডিকেল ভিসার আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে, তিনি চিকিৎসা, যাতায়াত এবং যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন সব ধরনের ব্যয় নিজেই বহন করতে সক্ষম।

নির্দেশনায় বলা হয়, ভিসা আবেদনকারীদের চিকিৎসকের ব্যবস্থাপত্র, যুক্তরাষ্ট্রে চিকিৎসার প্রয়োজনীয়তার কারণ এবং চিকিৎসার বিস্তারিত তথ্য জমা দিতে হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট চিকিৎসক বা হাসপাতালের সম্মতিপত্রও দাখিল করতে হবে, যেখানে সম্ভাব্য চিকিৎসার সময়কাল ও আনুমানিক ব্যয়ের বিবরণ উল্লেখ থাকবে।

মার্কিন দূতাবাস আরও জানায়, কনস্যুলার কর্মকর্তারা প্রতিটি আবেদন পৃথকভাবে মূল্যায়ন করেন। তারা নিশ্চিত হন যে, আবেদনকারীর চিকিৎসা পরিকল্পনার কারণে যুক্তরাষ্ট্রের করদাতাদের ওপর কোনো আর্থিক দায় বা বোঝা সৃষ্টি হবে না।

এ ছাড়া আবেদনকারীদের যুক্তরাষ্ট্রে চিকিৎসার জন্য প্রয়োজনীয় যাতায়াত ব্যয়, চিকিৎসা ব্যয় এবং অবস্থানকালীন জীবনযাপনের খরচ বহনের আর্থিক সক্ষমতার প্রমাণও জমা দিতে হবে।

দূতাবাসের এই নতুন নির্দেশনার ফলে যুক্তরাষ্ট্রে চিকিৎসার উদ্দেশ্যে ভিসা আবেদনকারীদের প্রয়োজনীয় নথিপত্র ও আর্থিক প্রস্তুতি আরও গুরুত্বের সঙ্গে সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ