দেশে তিন নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন, নিকারের বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) দেশের তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা গঠনের অনুমোদন দিয়েছে। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত নিকারের ১২১তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান। সভায় প্রশাসনিক কাঠামো আরও কার্যকর ও জনসেবামুখী করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

অনুমোদিত নতুন উপজেলাগুলো হলো- চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গরা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও। পাশাপাশি চট্টগ্রামে একটি নতুন থানা হিসেবে হালদা থানা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

নিকারের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন করা হবে। কুমিল্লার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে সৃষ্টি হবে বাঙ্গরা উপজেলা। আর ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আওতাধীন আটটি ইউনিয়ন নিয়ে গঠন করা হবে দক্ষিণ গফরগাঁও উপজেলা।

একই সঙ্গে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে নতুন হালদা থানা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে। প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অন্তর্ভুক্ত অংশগুলো ঢাকার প্রশাসনিক সীমানার অন্তর্ভুক্ত করার বিষয়েও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদসহ মন্ত্রিসভার একাধিক সদস্য, মন্ত্রিপরিষদ সচিব ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারি সূত্র জানায়, এসব সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় প্রশাসন আরও শক্তিশালী হবে এবং নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো সহজ হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ