সারাদেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে ১০৭ জনের প্রাণহানি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১১০ জন ডেঙ্গু রোগী।
বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৪০ জন রয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৭৫ জন, খুলনায় ১৯০ জন, বরিশালে ১১০ জন, রাজশাহীতে ৯১ জন, ময়মনসিংহে ৬৫ জন, রংপুরে ৩২ জন এবং সিলেট বিভাগে ৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন রোগীসহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার ২৮০ জনে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। প্রতিদিনই বিপুলসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার বিস্তার রোধ এবং মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।
এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে জমে থাকা পানি ও অপরিচ্ছন্ন পরিবেশে এডিস মশার প্রজনন বাড়তে পারে বলে সতর্ক করছেন স্বাস্থ্যসংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :