জুলাইয়েও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম, আগের মূল্যই বহাল
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ৩০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
দেশে জুলাই মাসে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে চলতি বছরের ৩১ মে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী নির্ধারিত মূল্যহারই জুলাই মাসজুড়ে কার্যকর থাকবে।
মঙ্গলবার (৩০ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন–১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৩১ মে ২০২৬ তারিখে জারি করা সিদ্ধান্ত অনুযায়ী ভোক্তা পর্যায়ে ডিজেলের বিক্রয়মূল্য লিটারপ্রতি ১৫৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই মূল্যহার জুলাই ২০২৬ মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই দাম ১ জুলাই থেকেও কার্যকর থাকবে।
উল্লেখ্য, বৈশ্বিক বাজার পরিস্থিতি ও আন্তর্জাতিক জ্বালানি দামের ওঠানামা বিবেচনায় চলতি বছরের ৩১ মে রাতে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছিল। এরপর জুলাই মাসে দাম পুনর্নির্ধারণ না করে আগের মূল্যই বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হলো।
আপনার মতামত লিখুন :