শান্তিতে নোবেল পেলেন ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলা নাভি পিল্লাই
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
ইসরায়েলকে গণহত্যার জন্য দায়ী করা জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের সাবেক প্রধান নাভি পিল্লাই এবারের শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ৩টার দিকে তাঁর নাম ঘোষণা করা হয়।
নরওয়েজিয়ান নোবেল কমিটির ঘোষণায় বলা হয়েছে, বৈশ্বিক শান্তি ও আন্তর্জাতিক আইনের প্রসারে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান এই আইনজীবীকে পুরস্কার দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদবিরোধী আন্দোলনের সময় আটক নেতাদের পক্ষেও আইনি লড়াই করেছেন তিনি। এ বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ২০৮ জন ব্যক্তি ও ৭৯টি প্রতিষ্ঠান মনোনয়ন পেয়েছিল।
যুদ্ধ, নির্বিচার হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনে বিপর্যস্ত বিশ্বে আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা এবং মানবাধিকার রক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন নাভি পিল্লাই, যিনি নাভানেথেম পিল্লাই নামেও পরিচিত। সংঘাতের পরিবর্তে কূটনীতি, চুক্তি ও আইনি ব্যবস্থার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্ব দিয়ে আসছেন তিনি।
নোবেল কমিটি জানায়, আন্তর্জাতিক আইনি নীতির অন্যতম গুরুত্বপূর্ণ রক্ষক হিসেবে নাভি পিল্লাই রাষ্ট্র ও রাষ্ট্রনেতাদের জবাবদিহির আওতায় আনার পক্ষে কাজ করেছেন। একই সঙ্গে সহিংসতা ও সংঘাতের শিকার মানুষের মধ্যে আশার সঞ্চার করেছেন তিনি।
১৯৪১ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে ভারতীয় বংশোদ্ভূত এক পরিবারে জন্ম নাভি পিল্লাইয়ের। বর্তমানে তাঁর বয়স ৮৫ বছর। ১৯৬৭ সালে নাটাল প্রদেশে প্রথম অশ্বেতাঙ্গ নারী হিসেবে নিজের আইন চেম্বার প্রতিষ্ঠা করেন তিনি। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসন চলাকালে বর্ণবাদবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত আটক নেতাদের পক্ষে আদালতে লড়েছেন এই আইনজীবী।
২০০৩ সালে নাভি পিল্লাই আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রথম বিচারক প্যানেলের সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে তিনি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার নিযুক্ত হন। পরে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড নিয়ে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের নেতৃত্ব দেন তিনি।
ওই কমিশন ২০২৫ সালের সেপ্টেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করে। ইসরায়েলকে দায়ী করে কমিশনের দেওয়া এই মূল্যায়ন আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।
এর আগে ২০২৫ সালে নাভি পিল্লাই সিডনি শান্তি পুরস্কার পান। চলতি বছর জন ডুগার্ডের সঙ্গে যৌথভাবে সুইডেনের ওলফ পালমে পুরস্কারও অর্জন করেন তিনি।
আগামী ১০ ডিসেম্বর নরওয়ের ওসলো সিটি হলে নাভি পিল্লাইয়ের হাতে শান্তিতে নোবেল পুরস্কার তুলে দেওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও জবাবদিহি প্রতিষ্ঠায় তাঁর দীর্ঘদিনের ভূমিকার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :