মিরাজের লড়াকু সেঞ্চুরিতে প্রস্তুতি ম্যাচে ঘুরে দাঁড়াল বাংলাদেশ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

খেলাধুলা ডেস্ক :

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে যাওয়া বাংলাদেশ দল প্রস্তুতি ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়লেও মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত সেঞ্চুরিতে সম্মানজনক সংগ্রহ গড়ে তুলেছে। ডারউইনের মারারা ওভালে বৃহস্পতিবার (৬ আগস্ট) ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রথম ইনিংসে ২৬৩ রানে অলআউট হয় টাইগাররা।

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ৭ রানেই বিদায় নেন ওপেনার তানজিদ হাসান। এরপর সাদমান ইসলাম ৩১, মুমিনুল হক ১৬, মুশফিকুর রহিম শূন্য এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩৭ রান করে আউট হলে বড় বিপদে পড়ে সফরকারীরা।

মিডল অর্ডারেও ব্যর্থতার ধারাবাহিকতা দেখা যায়। অমিত হাসান ১৫ ও সৌম্য সরকার ১৬ রান করে ফিরে গেলে দলের সংগ্রহ আরও নড়বড়ে হয়ে পড়ে।

এমন সংকটময় পরিস্থিতিতে একাই লড়াই চালিয়ে যান মেহেদী হাসান মিরাজ। লেজের সারির ব্যাটারদের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে তুলে ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। ১৪১ বলে ১১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১০৯ রানের অনবদ্য ইনিংস খেলেন এই অলরাউন্ডার। তার দায়িত্বশীল ও আক্রমণাত্মক ব্যাটিংয়ে বাংলাদেশ ৭৫.৫ ওভারে ২৬৩ রানের সংগ্রহ দাঁড় করায়।

জবাবে ব্যাট করতে নেমে দিন শেষে ২ উইকেট হারিয়ে ৫১ রান সংগ্রহ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। বাংলাদেশের হয়ে দুটি উইকেট ভাগাভাগি করে নেন পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে এই প্রস্তুতি ম্যাচে মিরাজের সেঞ্চুরি বাংলাদেশ দলের জন্য বড় স্বস্তির বার্তা হয়ে এসেছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ