অভিনেত্রীর ফ্ল্যাটে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, কৃষি থাপান্ডাকে ঘিরে তদন্ত
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিনোদন ডেস্ক :
কন্নড় চলচ্চিত্রের অভিনেত্রী ও মডেল কৃষি থাপান্ডার বেঙ্গালুরুর একটি ফ্ল্যাট থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত চলছে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বুধবার (২৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে বেঙ্গালুরুর রাজারাজেশ্বরী নগর এলাকার ওই ফ্ল্যাটে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ীর নাম বৈশাখ। তিনি গত এক সপ্তাহ ধরে ওই ফ্ল্যাটে অবস্থান করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার সময় অভিনেত্রী কৃষি থাপান্ডা ফ্ল্যাটে উপস্থিত ছিলেন না। তিনি বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা এলাকায় অবস্থান করছিলেন বলে তদন্ত কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।
তদন্তে জানা গেছে, বৈশাখ দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে পুলিশের প্রাথমিক ধারণা। এছাড়া দাম্পত্য কলহের জেরে প্রায় এক মাস ধরে তিনি স্ত্রীর সঙ্গে আলাদা থাকছিলেন।
পুলিশ সূত্রে আরও জানা যায়, বৈশাখ এর আগেও একটি আলোচিত চাঁদাবাজি ও হুমকির মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। এক ব্যবসায়ী ও আইনজীবীর কাছে কুরিয়ারের মাধ্যমে কয়েক কোটি রুপি দাবি করে হুমকিমূলক চিঠি পাঠানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পান এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে কর্ণাটক হাইকোর্ট তার বিরুদ্ধে পরবর্তী তদন্তে স্থগিতাদেশ দেন।
বৈশাখের মৃত্যুর ঘটনায় তার পরিবার অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। রাজারাজেশ্বরী নগর থানার পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :