আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, চার ধরনের নথি চেয়েছে দুদক


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে চার ধরনের নথি তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো দুদকের চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে। চাহিদাকৃত নথিপত্র আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে দুদকের প্রধান কার্যালয়ে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

অভিযোগের সংশ্লিষ্ট অন্য ব্যক্তিরা হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।

অভিযোগ অনুসন্ধানে দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে বুধবার চার সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে।

দুদক সূত্রে অভিযোগের বিষয়ে জানা যায়, ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব বাতিল করে নতুন পদে পদায়নের আদেশ দিয়ে ৭৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

এ ছাড়া ১৫০ জন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার কথা বলে ১ কোটি ৫০ লাখ টাকা এবং তাদের পছন্দের স্থানে পদায়নের জন্য আরও ২ কোটি টাকা লেনদেনের অভিযোগ উঠেছে।

অভিযোগে আরও বলা হয়েছে, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আশ্রয়-প্রশ্রয়ে মন্ত্রণালয়ের কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও যুব উন্নয়ন অধিদফতরের অসাধু কর্মকর্তাদের সমন্বয়ে একটি সিন্ডিকেট গড়ে উঠেছিল। ওই সিন্ডিকেটের বিরুদ্ধে বদলি ও পদোন্নতি বাণিজ্যের পাশাপাশি যুব উন্নয়ন অধিদফতরের বিভিন্ন কেনাকাটা ও টেন্ডারে অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।

তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করতেই অনুসন্ধান শুরু করেছে দুদক। এর অংশ হিসেবে সংশ্লিষ্ট নথিপত্র চাওয়া হয়েছে। অনুসন্ধানে অভিযোগগুলোর সত্যতা ও অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা যাচাই করা হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ