ঈদুল আজহা উপলক্ষে দেশ ও বিশ্ববাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

আর মাত্র এক দিন পরই মুসলিম উম্মাহর অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। এই আনন্দঘন মুহূর্তে দেশবাসী ও বিশ্ববাসীর প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৬ মে) রাত পৌনে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান। পোস্টে প্রধানমন্ত্রী বলেন, ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা ও আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে হাজির হয়েছে পবিত্র ঈদুল আজহা। এই শুভক্ষণে তিনি বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের ঈদ মোবারক জানান।

তিনি আরও লেখেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত বাংলাদেশসহ বিশ্বের মুসলমানরা ঈদুল আজহা উদ্‌যাপনের জন্য প্রস্তুত। ইসলামের এই মহান উৎসব শুধু আনন্দের উপলক্ষ নয়, বরং স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন ও ত্যাগের চিরন্তন শিক্ষা বহন করে। আল্লাহর সন্তুষ্টির জন্য হযরত ইব্রাহিম (আ.)–এর অটল ঈমান, নিঃশর্ত আনুগত্য ও সর্বোচ্চ আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত ঈদুল আজহাকে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

পবিত্র এই দিনে আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মহান আল্লাহ যেন আমাদের ত্যাগ কবুল করেন এবং আমাদের মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতিকে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একই সঙ্গে তিনি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্যও দোয়া করেন।

বার্তার শেষাংশে তিনি বলেন, ত্যাগের মহিমায় ভাস্বর হোক পবিত্র ঈদুল আজহা। আল্লাহ আমাদের কোরবানি ও ইবাদত কবুল করুন এবং তাঁর অশেষ রহমত ও বরকতে আমাদের জীবন ভরে উঠুক শান্তি ও সমৃদ্ধিতে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ